মো: আরিফুর রহমান, মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল। রোববার (২০ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর শাজাহান খান কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন—শহরের নতুন মাদারীপুর এলাকার মামুন হাওলাদার ওরফে আলমাস হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার (২২) এবং আরিফ হাওলাদারের ছেলে তানজিম হাওলাদার (১৯)। জানা গেছে, রাব্বি হাওলাদার সদর উপজেলার শ্রমিকদল নেতা সাকিল হত্যা মামলার আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালিয়ে মোস্তফাপুর এলাকায় ঘোরাফেরা করছিল রাব্বি। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেনাবাহিনীর সদস্যরা তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে রাব্বির কাছ থেকে একটি চাইনিজ কোরাল (ধারালো অস্ত্র) উদ্ধার করে সেনাবাহিনী।
পরে রাব্বির দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী তানজিম হাওলাদারকেও আটক করা হয়। পরবর্তীতে উভয়কে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, "আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
রিপোর্টার্স২৪/এসএন