বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়ার একটি ছাত্রাবাসে তারিকুল ইসলাম তোহা (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
নিহত তোহা বগুড়ার গাবতলী উপজেলার সোনার তাহির গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে। সে সেউজগাড়ী পালপাড়ায় ইসকন মন্দিরসংলগ্ন মোহাম্মদ বাপ্পির ছাত্রাবাসে থেকে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগে পড়াশোনা করত। চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল সে।
তোহার বন্ধুদের ভাষ্য অনুযায়ী, সে একজন মেয়েকে ভালোবাসত। গত কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে মেয়েটির সঙ্গে ফোনে ঝগড়ার একপর্যায়ে তোহা রুমের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে সে তার এক চাচাতো ভাইকে ফোনে জানায় যে, সে আত্মহত্যা করতে যাচ্ছে এবং সেইসঙ্গে আত্মহত্যার প্রস্তুতির ছবি মেসেঞ্জারে পাঠায়।
খবর পেয়ে তার চাচাতো ভাই বিষয়টি সাবেক রুমমেট সৈকতকে জানায়। সৈকতের মাধ্যমে ছাত্রাবাসের আরেক শিক্ষার্থী লাবিবসহ অন্যরা তোহার কক্ষের কাছে গিয়ে দেখে ভেতর থেকে দরজা বন্ধ। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পায় সে তীরের সঙ্গে ঝুলছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন