বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলায় ফেনসিডিল মামলায় ৩ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে যশোরের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন যশোরের শার্শা উপজেলায় শ্যামলাগাছি গ্রামের মতলেব হোসেনের ছেলে কামাল হোসেন, বেনাপোল বাহাদুরপুর ইউনিয়নের বুজতলা গ্রামের মৃত পাচু বেপারীর ছেলে আজহার আলী ও ঝিকরগাছার উত্তর দেউলী গ্রামের মৃত চান মিয়ার ছেলে আমির হোসেন মেম্বর। রায় ঘোষণার সময় কামাল হোসেন ও আমির হোসেন মেম্বর আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ৭ ডিসেম্বর শার্শা থানা পুলিশের এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গাতিপাড়া দাখিল মাদ্রাসার পাশে অভিযান চালায়। এ সময় তিনজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সেগুলো থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
ওই ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে এসআই বরকত হোসেন তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের বুজতলা গ্রামের মৃত পাচু বেপারীর ছেলে আজহার আলী পলাতক রয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন