খুলনা প্রতিনিধি :
খুলনার ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এ ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছেন। খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মো. ফজলুল করিম এটি নিশ্চিত করেছেন। নিহত সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতক্ষীরা মৌতলার বাসিন্দা আরিফ মোল্লার পিঠের টিউমার অপরেশনের জন্য আজ সকালে একটি অ্যাম্বুলেন্সযোগে বাড়ি থেকে খুলনার উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলা নতুন রাস্তায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অ্যাম্বুলেন্সটি একটি খাদে পড়ে যায়। এতে থাকা চার জনের তিনজন সুস্থ অবস্থায় থাকলেও ঘটনাস্থলেই মারা যান ময়না।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। ময়নার মরদেহ হাসপাতালে রয়েছে।
খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মো. ফজলুল করিম বলেন, ‘সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের সবাইকে উদ্ধার করা হয়। পরে তাদের চিকিৎসার জন্য ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় আরিফ মোল্লার স্ত্রী ময়নার মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরবারের কাছে হস্তান্তর করা হবে।’
এস