শেখ মো. আবুল বাসার (অভয়নগর প্রতিনিধি): যশোর খুলনা মহাসড়কের নওয়াপাড়া থেকে বসুন্দিয়া অংশে চলছে জোড়াতালি দিয়ে সড়ক মেরামতের কাজ। পুরো মহাসড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। এ সব গর্ত মেরামতের কাজ করতে গিয়ে পিচের বদলে ইটের সলিং বা গর্তের ভিতর ইট ফেলে যেন তেন ভাবে সড়ক ব্যবহারের উপযোগী করার চেষ্টা করে যাচ্ছে যশোর সড়ক বিভাগ।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের নওয়াপাড়া বাজার থেকে বসুন্দিয়া পর্যন্ত নতুন করে তৈরি করা নওয়াপাড়া বাজার, বেঙ্গল রেলক্রসিং, ভাংগাগেট রেলক্রসিং ও চেংগুটিয়ায় অল্প কিছু অংশ ছাড়া বাকি সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। পুরো সড়ক জুড়ে তৈরি হয়েছে ছোট বড় গর্ত।
এসব ছোট বড় গর্ত, ইটের আদলা ও খোয়াভর্তি এই সড়কে চলাচল করতে গিয়ে নিয়মিত দুর্ঘটনার শিকার হচ্ছেন সড়ক ব্যবহারকারীরা। অন্যদিকে এসব সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিয়মিত দেখা যায় ছোট বড় বিভিন্ন যানবাহন সড়কের উপর অকেজো হয়ে পড়ে থাকতে।
সড়কে নিয়মিত চলাচলকারী ব্যবসায়ী নাজির হোসেন বলেন, কয়েক বছর ধরে আমাদের এই মহাসড়কের বেহাল দশা। রাস্তা জুড়ে গর্ত সৃষ্টি হয়ছে, বিভিন্ন সময় ইট দিয়ে মেরামত করা হলেও তা টেকসই হয়না। মহাসড়কের গর্তে যেমন দুর্ভোগ, তেমনি আরেক দুর্ভোগ হচ্ছে তাতে ইটের সলিং দেওয়া। ইটের খোয়া ছড়িয়ে ছিটিয়ে মোটরসাইকেল ও তিন চাকার যানবাহনগুলোর জন্য মরণ ফাঁদের তৈরি হয়েছে।
মতিয়ার নামের এক বাস চালক বলেন, রাস্তার অবস্থা খুবই খারাপ। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছি না। রাস্তা খারাপের কারণে প্রতিনিয়ত আমাদের গাড়ি নষ্ট হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোরের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, সড়ক ব্যবহারের উপযোগী রাখতে অস্থায়ী ভাবে মেরামতের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। দরপত্র সম্পন্ন হওয়াতে মজুমদার মিলের সামনের সড়কের কিছু অংশ নতুন করে তৈরির কাজ শীঘ্রই শুরু করা হবে।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা