| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, ঢাকা-মাওয়া সড়কে নিহত আরও ৩

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ১৬:০৭:৪৫:অপরাহ্ন  |  ৪৯৬৫৩৮৪ বার পঠিত
এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, ঢাকা-মাওয়া সড়কে নিহত আরও ৩
ছবির ক্যাপশন: ছবি-সংগৃহীত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শ্রীনগর থেকে নিমতলাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে মাওয়াগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এর আগে সকালের দিকে এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে গেলে তিন জন নিহত এবং এক জন আহত হয়।

পুলিশ জানায়, রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন। প্রবল বৃষ্টির কারণে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটি তাদের ওপর উঠে যায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনাস্থলেই মারা যান আওলাদ হোসেন (২১) ও হাবিল (২২)। গুরুতর আহত অবস্থায় কাইয়ুম (২২) ও ইমন (২৩)-কে স্থানীয় নিমতলা আইডিয়াল ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। আহত ইমনকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রওশুনিয়া খিলাপাড়া গ্রামে। আওলাদের বাবা আনোয়ার হোসেন, কাইয়ুমের বাবা মঙ্গল মিয়া, হাবিলের বাবা মো. হাশেম এবং আহত ইমনের বাবা বাচ্চু মিয়া।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দিকী জানান, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করি। প্রচণ্ড বৃষ্টির কারণেই মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারান।”

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪