| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার মাস পর বেনাপোলে চাল আমদানি শুরু, ৯ ট্রাকে এলো ৩১৫ মেট্রিক টন চাল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ১০:২২:৪৯:পূর্বাহ্ন  |  ১৫৩১৬৬৩ বার পঠিত
চার মাস পর বেনাপোলে চাল আমদানি শুরু, ৯ ট্রাকে এলো ৩১৫ মেট্রিক টন চাল
ছবির ক্যাপশন: চার মাস পর বেনাপোলে চাল আমদানি শুরু, ৯ ট্রাকে এলো ৩১৫ মেট্রিক টন চাল

বেনাপোল প্রতিনিধি: প্রায় চার মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা পর্যন্ত ভারতীয় নয়টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন মোটা চাল বেনাপোল বন্দরে প্রবেশ করে। শুক্র ও শনিবার ওই চাল খালাস করে বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে।

আমদানিকারকরা জানিয়েছেন, বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেওয়ায় আমদানি শুরু হয়েছে। তাদের দাবি, এই উদ্যোগে বাজারে চালের দাম কিছুটা কমবে। তবে শুল্ক না কমায় ব্যাপক আমদানি হওয়া কঠিন বলে মন্তব্য করেছেন তারা।

বেনাপোলের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাজি মুসা করিম অ্যান্ড সন্স-এর স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, মঙ্গলবার থেকে ভারতীয় ট্রাকগুলো পেট্রাপোল বন্দরে অপেক্ষায় ছিল। বৃহস্পতিবার রাতে সেগুলো বেনাপোলে প্রবেশ করেছে। আরও চালবোঝাই ট্রাক পেট্রাপোলে অপেক্ষমাণ রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে শুক্রবার চালগুলো ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে খাদ্য মন্ত্রণালয় থেকে বেসরকারি খাতে চাল আমদানির জন্য আবেদন আহ্বান করা হয়। ২৩ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত আবেদন করার সময়সীমা ছিল। বেনাপোলসহ দেশের বিভিন্ন স্থানের আমদানিকারকরা অনুমতিপত্র (আইপি) পেয়ে এলসি খুলেছেন। ২১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে চাল আমদানি শুরু হয়েছে। আশা করা যায়, পর্যায়ক্রমে আমদানি বাড়বে এবং চালের দাম কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা কমতে পারে।’

তিনি আরও জানান, ভালো মানের চিকন চালের দাম ৬৭-৭০ টাকার মধ্যে এবং স্বর্ণা চালের দাম ৫০-৫২ টাকার মধ্যে থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, ‘চার মাস পর আবারও ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। প্রথম দিনেই ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল এসেছে। আরও অনেক ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে।’

বেনাপোল উদ্ভিদ সঙ্গনিরোধকেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল। বৃহস্পতিবার থেকে ফের আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে ৩১৫ মেট্রিক টন চাল এসেছে। নমুনা পরীক্ষা শেষে দ্রুত ছাড়করণ সনদ দেওয়া হবে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪