রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :
ইন্দোনেশিয়ায় আইনপ্রণেতাদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধার বিরুদ্ধেও ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। সোমবার (১ সেপ্টেম্বর) হাজার হাজার বিক্ষুব্ধ নাগরিক দেশজুড়ে রাস্তায় নেমে আসেন। এরই মধ্যে ছয়জন নিহত হওয়ায় রাজধানী জাকার্তায় সেনা মোতায়েন করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি জানিয়েছে, জাকার্তায় জাতীয় সংসদ ভবনের বাইরে প্রায় ৫০০ জন বিক্ষোভকারী জড়ো হন। দিনভর সেনা ও পুলিশ তাদের নজরদারিতে রাখে। তবে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সূর্যাস্তের আগেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিলে আন্দোলনকারীরা ধীরে ধীরে সরে যান।
তবে রাজধানী ছাড়াও বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে। সুমাত্রার পালেমবাং, বোর্নিও দ্বীপের বানজারমাসিন, জাভার যোগ্যাকার্তা এবং সুলাওয়েসির মাকাসারে সহস্রাধিক মানুষ পৃথকভাবে আন্দোলনে অংশ নেয়।
বিক্ষোভে অংশ নেওয়া ২০ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফতা কেইসিয়া কেমালিয়া বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো সংসদ সংস্কার।”
এদিকে, একই দিন জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে একটি বিবৃতিতে ইন্দোনেশিয়ায় অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, “সংসদীয় ভাতা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর অপ্রয়োজনীয় বল প্রয়োগের বিরুদ্ধে দেশজুড়ে যে বিক্ষোভ চলছে, তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।" তিনি আরও বলেন, “এই পরিস্থিতি মোকাবেলায় সংলাপই হতে পারে টেকসই সমাধান।” সূত্র: এপি
এস