সিনিয়র রিপোর্টার : ক্যাসিনোকাণ্ডে আলোচিত এবং অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর চারটায় সেলিম প্রধানের মালিকানাধীন বারিধারার ১২ নম্বর রোডে ‘নেক্সাস ক্যাফে’ নামে সিসা বারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সেলিম প্রধান বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা।
পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন বলেন, সিসা বারসহ বিভিন্ন অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী সেলিম প্রধান ওরফে ক্যাসিনো সেলিমসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ৬.৭ কেজি সিসা, ৭টি স্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। রেস্তোরাঁর আড়ালে অবৈধ সিসা বার চালিয়ে আসছিলেন তিনি।
এর আগে ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয় । তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল, সেলিম প্রধান বাংলাদেশে অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন।
এছাড়া অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় চার বছরের কারাদণ্ড পাওয়া সেলিম প্রধান গেল বছর রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যদিও ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় পরে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব