সিনিয়র রিপোর্টার : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট করতে আগে যে সময় লাগতো এখন তা অনেক কমিয়ে আনা হয়েছে। আরও কমিয়ে আনা যায় কি না সেই কাজ চলছে। নাগরিক সেবাকেন্দ্র খোলা হয়েছে, আশা করছি নাগরিক সেবাকেন্দ্র থেকে মানুষ পাসপোর্ট পেতে পারেন। পাসপোর্ট সহজভাবে পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জনবলের দিকে নজর দেওয়া হয়েছে। তবে পাসপোর্ট অফিসে যেন জনবল ঘাটতি না থাকে সেজন্য ব্যবস্থা করা হচ্ছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর কী ভূমিকা থাকবে জানতে চাইলে তিনি বলেন, গত পরশু ডাকসু নির্বাচন দেখলেন। অন্যবারের চেয়ে অনেক ভালো নির্বাচন হয়েছে। আইনশৃঙ্খলাও ভালোভাবে চলছে। আগে হয়তো একটু খারাপ ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি, তবে এখন ভালো আছে।
জাতীয় নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এরই মধ্যে বিভিন্ন বাহিনীর ট্রেনিং শুরু করে দিয়েছি। সেদিন পুলিশের ট্রেনিং উদ্বোধন করা হয়েছে। আমরা আশা করবো জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখরভাবে সম্পন্ন হবে।
জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যক ফোর্স থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ৮০ হাজার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র্যাব, আনসার ও পুলিশ বাহিনী থাকবেই।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখন আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যেন জাহাঙ্গীরনগরের নির্বাচনটাও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব