খাদেমুল বাবুল, জামালপুর: দীর্ঘ এক বছর ধরে স্কুলে অনুপস্থিত জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতার হোসেন। (৫ আগস্ট) ২০২৪ এরপর থেকে তার বিরুদ্ধে স্কুলে অনুপস্থিত অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও অদৃশ্য শক্তি বলে নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর হচ্ছে তার। যথা নিয়মে বেতন-ভাতাও উত্তোলন করছেন তিনি। কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ।
জানা যায় ,দীর্ঘ দিন আগে উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য হয়। এই সুযোগে সহকারী শিক্ষক আখতার হোসেন পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতার প্রভাব খাটিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ বাগিয়ে নেন।
এরপর থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে আছেন ।
গত বছরের (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতনের পর আখতার হোসেন পালিয়ে আত্মগোপনে রয়েছেন । দীর্ঘ একবছর তিনি আর বিদ্যালয়ে আসেননি। আখতার হোসেন মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
বর্তমানে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সুলতান মাহমুদ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব পালন করছেন।
সরেজমিনে দেখা গেছে, স্কুলটির প্রধান শিক্ষকের কক্ষটি বন্ধ।বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একটি কক্ষে বসে আছেন । তবে অনুপস্থিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা আখতার হোসেনের বিষয়ে কোনো তথ্য বা কথা বলতে রাজি হয়নি সহকারী শিক্ষকরা।
বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, 'আখতার হোসেন সহকারী শিক্ষক থেকে ক্ষমতার দাপটে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন। গত বছর (৫ আগস্ট) আওয়ামী সরকারের পতনের পর থেকে আখতার হোসেন পলাতক রয়েছেন। এরপর থেকে তিনি আর স্কুলে আসেন না। অন্যরা বলছেন তিনি না কি মেডিকেল ছুটিতে আছেন।
কতদিন মেডিকেল ছুটি লাগে প্রশ্ন স্থানীয়দের। কিছু রাজনৈতিক নেতাও ওই শিক্ষকের সঙ্গে যোগ দিয়েছেন।
শিক্ষার্থীরা জানায়, 'অনেকদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতার হোসেনকে বিদ্যালয়ে আসতে দেখেন না।’ প্রধান শিক্ষকের পদ শূন্য ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় বিদ্যালয়ে শিক্ষার কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। যেকারণে এ বছর অনেক শিক্ষার্থী পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি। দ্রুত সময়ের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানায় শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তৈয়বুর রহমান বলেন, আখতার হোসেন মেডিকেল ছুটিতে রয়েছেন। তিনি নিয়মের মধ্যেই আছেন ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া জানান, গত (২৬ আগস্ট) মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম। একাডেমি সুপারভাইজার সেদিন দেখিয়েছেন গত (২৫ আগস্ট ) পর্যন্ত খাতায় তার হাজিরা রয়েছে। শুনেছি, তিনি চিকিৎসার ছুটি নিয়েছেন। তবে এ ধরনের কোনো কাগজ আমার কাছে নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে দীর্ঘ দিন ধরে উপজেলা শিক্ষা অফিসের কোনো কাজে আসেন না।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা