| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরের ভাঙ্গায় তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ১৪:৩৬:৪০:অপরাহ্ন  |  ১৫৩৮৮০৭ বার পঠিত
ফরিদপুরের ভাঙ্গায় তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা
ছবির ক্যাপশন: ফরিদপুরের ভাঙ্গায় তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে ফরিদপুর-২ আসন (নগরকান্দা ও সালথা উপজেলার সাথে) সংযুক্ত করার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় ঐক্য কমিটি।

শনিবার ( ১৩ সেপ্টেম্বর) বিকেলে আলগী ইউনিয়ন পরিষদ মিলনায়তনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম ছিদ্দিক মিয়া এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, রোববার সকাল থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভাঙ্গায় টানা তিনদিন সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে। তবে জরুরি রোগীবাহী গাড়ি ও সংবাদপত্র পরিবহন অবরোধের বাইরে থাকবে।

মম ছিদ্দিক মিয়া আরও বলেন, অবরোধ চলাকালে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো সদুত্তর না পাওয়া গেলে বুধবার ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। একইসাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, বিএনপি শুরু থেকেই এ আন্দোলনে জনগণের সাথে আছে এবং থাকবে। তিনি জানান, বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল ইতোমধ্যে এ বিষয়ে উচ্চ আদালতে রিট করেছেন, যার শুনানি আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ভাঙ্গা উপজেলার হাসপাতাল গেট, সুয়োদী, মুনসুরাবাদ, পুখুরিয়া, হামিরদী, পুলিয়া, মাধবপুর, পুখুরিয়া বাসস্ট্যান্ড ও রেলস্টেশন এলাকায় আন্দোলনকারীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন।

এ সময় বিএনপি, জামায়াতে ইসলামি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সর্বদলীয় ঐক্য কমিটির ব্যানারে গত শুক্রবারও ভাঙ্গায় অবরোধ কর্মসূচি পালিত হয়। তবে পবিত্র জুমার কারণে সেদিনের কর্মসূচি স্থগিত রাখা হয়। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে এবং দূরপাল্লার যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত গেজেটে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনের সাথে যুক্ত করা হয়।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪