সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় পিতা ইদ্রিস আলীকে হত্যার অপরাধে সন্তান ও হত্যা মামলার বাদি রেজাউল করিম লাবুকে মৃত্যুদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মাহবুবুর রহমান এই রায় প্রদান করেন।
একই রায়ে নিহতের স্ত্রী রেনুকা বেগম ও পূত্রবধু মৃত্যুদন্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবুর স্ত্রী ইসমত আরাকে তিন মাসের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুল লতিফ আকন্দ এই তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৪ঠা মার্চ দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার অলিদহ গ্রামের একটি পুকুরে গলা ও পায়ে রশি পেচানো অবস্থায় ইদ্রিস আলীর মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পরিবার ও স্থানীয়দের সহায়তার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয। ঐদিনই নিহতের ছেলে রেজাউল করিম লাবু বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
সেখানে উল্লেখ করা হয়, ৩রা মার্চ কৈমাঝুরিয়া গ্রামে ইদ্রিস আলী ও তার স্ত্রী রেনুকা বেগম একই কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোররাতে রেনুকার ঘুম ভেঙ্গে গেলে দেখেন ইদ্রিস আলী ঘরে নেই, খোলা রয়েছে দরজা। এসময় সে তার ছেলে ও পূত্রবধুকে ঘুম থেকে ডেকে উঠিয়ে অনেক খোঁজাখুঁজি করেও ইদ্রিস আলীকে পাওয়া যায়নি।
পুলিশি তদন্তে বেরিয়ে আসে মামলার বাদি রেজাউল করিম লাবুই হত্যা করেছে তার পিতা ইদ্রিস আলীকে। পরবর্তীতে আদালতে তার দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি, স্বাক্ষ্যগ্রহন শেষে আজ আদালত এই রায় প্রদান করেন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা