সিনিয়র রিপোর্টার : দীর্ঘ ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এসময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ে যান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী প্রমুখ।
জানা গেছে, বৈঠকটি সৌজন্যমূলক, তবে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন সংক্রান্ত বিষয়ে কিছু মতবিনিময় হয়।
উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন সেই সময়।
তবে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় পরবর্তীতে তার নাম আসামির তালিকায় উঠে। ২০১৮ সালের ১ অক্টোবর গ্রেনেড হামলা মামলার রায়ে বাবরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রায় সাড়ে ১৭ বছর কারাবাসের পর ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট তাকে মামলাটি থেকে খালাস দেন। পরবর্তীতে সব মামলায় খালাস পাওয়ার পর ২০২৫ সালের ১৬ জানুয়ারি তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
রিপোর্টার্স২৪/ধ্রুব