ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছে হোয়াইট হাউসে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ ও রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কের জেরে ক্রমেই চাপে পড়ছেন তিনি। বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরে ওঠা বিতর্ক এবং চীনে উন্নত প্রযুক্তির চিপ রপ্তানি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নের পরিপ্রেক্ষিতে লুটনিকের ভবিষ্যৎ নিয়ে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।
এ ঘটনায় শুরু থেকেই মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনার মুখে রয়েছেন বাণিজ্যমন্ত্রী লুটনিক। বিশেষ করে জেনসেন হুয়াংয়ের সঙ্গে সন্দেহভাজন চীনা গুপ্তচর অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লে'র কথিত ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
মার্কিন আইনপ্রণেতাদের একাংশের অভিযোগ, ট্রাম্প প্রশাসন চীনের কয়েকটি কোম্পানিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা বা কালো তালিকায় অন্তর্ভুক্ত করতে অস্বাভাবিকভাবে গড়িমসি করছে। একই সঙ্গে চীনে এনভিডিয়ার এআই চিপ রপ্তানির ওপর সরকারের নজরদারি যথাযথভাবে হচ্ছে কি না, তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে।
আইনপ্রণেতাদের দাবি, চীনের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার হতে পারে—এমন উন্নত এআই চিপ দেশটিতে পাঠানো বন্ধ করতে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন লুটনিক। ফলে তাঁর দায়িত্ব পালন ও রপ্তানি নিয়ন্ত্রণ নীতি নিয়ে কংগ্রেসে অসন্তোষ বাড়ছে।
লুটনিককে অপসারণের বিষয়ে হোয়াইট হাউসে আলোচনা চলছে বলে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বৃহস্পতিবার দিনের শুরুতে হোয়াইট হাউসের এক মুখপাত্র রয়টার্সকে জানান, বাণিজ্যমন্ত্রী এবং তাঁর দায়িত্ব পালনের সক্ষমতার ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ আস্থা রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সিএনএনের একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে রিপাবলিকান সিনেটর জন কেনেডিকে প্রশ্ন করা হয়, হাওয়ার্ড লুটনিককে মন্ত্রিসভা থেকে অপসারণ করা উচিত কি না। জবাবে কেনেডি বলেন, ‘আমি এখনও জানি না।’
তবে বিষয়টি নিয়ে তিনি এবং আরও কয়েকজন আইনপ্রণেতা দ্রুত লুটনিককে প্রকাশ্যে জিজ্ঞাসাবাদ করতে চান বলে জানিয়েছেন। এ জন্য তাঁকে কংগ্রেসে তলব করার পরিকল্পনাও রয়েছে। কেনেডির ভাষায়, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং এর যথাযথ ব্যাখ্যা প্রয়োজন।
রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, ২০২৫ সালের অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো চীনা কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেনি। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই এ ধরনের দীর্ঘতম বিরতি। রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কায় মার্কিন বাণিজ্য বিভাগ নতুন কোনো চীনা কোম্পানিকে তালিকাভুক্ত করা থেকে বিরত রয়েছে।
এ পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ আরও বাড়িয়েছেন ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন। তিনি বলেছেন, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জেফরি কেসলারকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে, কেন তাঁরা রপ্তানি নিয়ন্ত্রণের বিদ্যমান ফাঁকফোকর বন্ধ করতে পারেননি।
ওয়ারেনের মতে, যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি যেন চীনের সামরিক সক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এদিকে, সূত্রের বরাতে জানা গেছে, সিনেটের ব্যাংকিং কমিটির সভাপতি এলিজাবেথ ওয়ারেন এবং পররাষ্ট্রবিষয়ক কমিটির পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ডেলাওয়্যারের ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস সম্প্রতি যৌথভাবে একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিটি পাঠানো হয়েছে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের কাছে। এতে এনভিডিয়ার মাধ্যমে চীনে উন্নত এআই চিপ রপ্তানি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট জাতীয় নিরাপত্তাঝুঁকি নিয়ে প্রশাসনের কাছে থাকা সব ধরনের নথিপত্র ও তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিষয়টি এখন আর কেবল একটি প্রতিষ্ঠানের চিপ রপ্তানি কিংবা ব্যক্তিগত সম্পর্কের অভিযোগের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতা এবং ট্রাম্প প্রশাসনের রপ্তানি নিয়ন্ত্রণ নীতির বিশ্বাসযোগ্যতার প্রশ্ন।
সব মিলিয়ে এনভিডিয়াকে ঘিরে বিতর্কে বাণিজ্যমন্ত্রী লুটনিকের অবস্থান ক্রমেই নাজুক হয়ে উঠছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে তাঁর প্রতি আস্থার কথা জানানো হয়েছে, তবু কংগ্রেসের জিজ্ঞাসাবাদ ও হোয়াইট হাউসের অভ্যন্তরীণ আলোচনা শেষ পর্যন্ত তাঁর মন্ত্রিত্বের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়।
সূত্র : রয়টার্স
রিপোর্টার্স২৪/ঝুম