| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের, এর মাধ্যমে জাতির নবজন্ম হবে: প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ১৩:৩৯:৪২:অপরাহ্ন  |  ১৫৫৪৬৮৫ বার পঠিত
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের, এর মাধ্যমে জাতির নবজন্ম হবে: প্রধান উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে মহোৎসবের। আর এই নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম হবে। 

জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে আজ রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। 

ড. ইউনূস বলেন, জাতির সত্যিকারের নবজন্ম হবে নির্বাচনের মধ্য দিয়ে। এত ত্যাগ সার্থক তখনই হবে, যদি সেই নবজন্ম আমরা লাভ করতে পারি।

জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যে সমঝোতার রাস্তা শুরু করেছি, তা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এ সমঝোতায় আসতেই হবে। আমি হয়তো গায়ের জোরে বলছি, কিন্তু কথাটা ফেলে দেওয়ার উপায় নেই। জাতি হিসেবে আমাদের নবযাত্রার সুযোগ ছাত্র-জনতার অভ্যুত্থান দিয়ে গেল, সেটার একমাত্র সমাধান হলো সমঝোতার পথে গিয়ে নতুন বাংলাদেশ তৈরি করা।'

তিনি আরও বলেন, আমরা নানা যুক্তি দিতে পারি। যুক্তির কোনো শেষ নাই। কিন্তু সমাধানের পথে থাকতে হবে। অনেকের মনে হয়তো কষ্ট হবে, কষ্ট হলেও মেনে নিচ্ছি। কিন্তু পরে শান্তি পাবেন, দেশ শান্তি পাবে বলে। কারণ, দেশের শান্তি বড় শান্তি। আমরা বিতর্কের মধ্যে থেকে গেলে, সেটা কখন বিস্ফোরিত হবে। বিতর্কের মধ্যে থেকে কে কোন দিকে চালু করে দেবে, এটার কোন ঠিক নেই।

ঐকমত্য কমিশন বিশ্বের জন্য নজির হিসেবে থাকবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এটা যেন খুতওয়ালা নজির না হয়, এ আবেদন আমার। এমন নজির বিশ্ব দেখবে এবং অনুসরণ করার চেষ্টা করবে। কারণ, আপনারা মূল কাজটা করে ফেলেছেন, সামান্য রাস্তা বাকি। সবকিছু নির্ভর করছে শেষ অংশটুকুর ওপরে। 

রাজনীতিবিদদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা দীর্ঘপথ অতিক্রম করেছেন। বাকি রাস্তাটুকু যাতে সুন্দরভাবে সমাপ্ত করে পৃথিবীর জন্য নজির সৃষ্টি করে যাবেন। যে সমস্যা অতিক্রমের জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি, সেটা শুধু আমাদের নয়। দুইদিন আগে নেপালে শুরু হলো। এরকম বহুজনের সমস্যা হবে। অতীতে হয়েছে, ভবিষ্যতেও হবে। তাই আমাদের সমাধানের পথ সবাই মনোযোগ সহকারে দেখবে। 

সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে তিনি বলেন, স্বৈরাচার আসার সব পথঘাট বন্ধ করা; যাতে কোনো দিক দিয়ে স্বৈরাচার আসতে না পারে। বাকিটা আমরা জানি। স্বৈরাচার বন্ধ করতে হলে সবাইকে একমত হয়ে কাজ করতে হবে। দ্বিমতের জায়গা নেই। দ্বিমত করলে সমাপ্ত করতে পারব না।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪