| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোনো দল, আদর্শ বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না : ডিএমপি কমিশনার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ১৩:৪০:৩৪:অপরাহ্ন  |  ১৫২৫৬৫৫ বার পঠিত
কোনো দল, আদর্শ বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না : ডিএমপি কমিশনার

সিনিয়র রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেন, পুলিশকে অতীতের নির্বাচনী কালিমা থেকে বের হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতার সর্বোচ্চ ডিগ্রি প্রদর্শন করতে হবে। কোনো দল, আদর্শ বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। 

সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি আরো বলেন, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্ভব।

কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ যেকোন সংগঠনের অপতৎপরতা রোধে সকলকে সজাগ থাকতে হবে এবং আইনশৃঙ্খলা বিঘœকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের তিনি মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সরওয়ার বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিএমপির আধুনিকায়নের কাজ চলছে। এর অংশ হিসেবে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভিডিও প্রসিকিউশন পদ্ধতি চালু করা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ছিনতাইয়ের স্পটসমূহ চিহ্নিত করে টহল কার্যক্রম জোরদার করতে হবে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে এদের সহায়তাকারী ও অর্থায়নকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন আগস্ট-২০২৫ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন-ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। এসময় ডিএমপি কমিশনার উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

মাসিক অপরাধ সভায় আগস্ট মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গুলশান বিভাগ। গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-লালবাগ বিভাগ। ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-ওয়ারী বিভাগ। 

অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জিললুর রহমানসহ সকল যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪ /এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪