| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি নেত্রীর পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ০৭:৫৮:৪৩:পূর্বাহ্ন  |  ১৫৬১৯২০ বার পঠিত
এনসিপি নেত্রীর পদত্যাগ
ছবির ক্যাপশন: শামীমা সুলতানা মায়া

রাজশাহী প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজশাহী জেলা শাখার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন। দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ব্যক্তিগত নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক—এই যুক্তি দেখিয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে মায়া বলেন, ‘আমি সবসময় নীতি, সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করেছি। কিন্তু দলের ভেতরে আমার বিরুদ্ধে যেভাবে মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হয়েছে, তা আমার নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ অবস্থায় দায়িত্ব পালন করা আমার পক্ষে আর সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিশ্বাসযোগ্যতা। সেই বিশ্বাস হারানোর আগেই আমি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।’

পদত্যাগের সিদ্ধান্ত কারও বিরুদ্ধে নয় বলেও উল্লেখ করেন শামীমা সুলতানা। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত কারও প্রতি আঘাত হানার উদ্দেশ্যে নয়। আমি আমার বিবেক ও আত্মমর্যাদার জায়গা থেকে সরে দাঁড়াচ্ছি। তবে দেশ ও সমাজের কল্যাণে ইতিবাচক কার্যক্রম চালিয়ে যাব।’

মায়া অভিযোগ করে জানান, গত ৪ আগস্ট এনসিপির কেন্দ্রীয় সংসদের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কেন্দ্র থেকে কোনো সুরাহা বা পদক্ষেপ নেওয়া হয়নি। এর প্রেক্ষিতেই তিনি নিজেকে দল থেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, ‘মায়াসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ আমাদের হাতে এসেছে। যাচাই-বাছাই করে আমরা সত্যতা পেয়েছি। তাই বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে অবগত করার সিদ্ধান্ত নিয়েছি।’



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪