স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, আজকে যারা নতুন প্রজন্ম তারাই আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবে। গুরুদায়িত্ব পালনে সবাইকে সচেতন হতে হবে। তোমাদের মনে রাখতে হবে এ দেশটি তোমাদের। আমরা এখন আছি, আমরা কিন্তু চলে যাবার পথে। আমাদের সময় কিন্তু প্রায় শেষ। আর তোমাদের সময় কিন্তু শুরু। কাজেই সে কথা মনে রেখে তোমাদের প্রস্তুতি নিতে হবে। এই সময় যদি নষ্ট করো তাহলে ১৮ কোটি মানুষের পরিচালনা দায়িত্ব আসবে তা কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে না।
বুধবার (১৪ মে) রাজধানীর শিল্পকলা একাডেমিতে মহানগরীর সাংস্কৃতিক ফোরাম আয়োজিত বৃত্তি প্রদান ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, ছাত্রদের যে শক্তি আছে সেই শক্তি কিন্তু আমাদের নেই। সেই শক্তি আছে বলেই সামনের দিকে এগিয়ে গেছ। জুলাই ছাত্রআন্দোলনে বাংলাদেশের বিপ্লবী পরিবর্তন এসেছে, সেই অর্জন তোমাদের। আমাদের সেই কথা গর্বের সঙ্গে বলে থাকি। বিগত ১৫ বছর সংগ্রাম করে জয়ের পরিস্থিতি তৈরি করে দিয়েছিল বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ। কাজেই সেই গৌরব তোমাদের ধরে রাখতে হবে।
তিনি বলেন, লেখাপড়া তোমাদের কাছে তপস্যার মতো এ কথা ভুলে গেলে চলবে না। তোমরা দেশ পরিচালনা করে মঙ্গলের পথে নিয়ে যাবে, বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করবে নিশ্চয়ই। কিন্তু সেই জন্য তোমাদের সঠিক প্রস্তুতি গ্রহণে ক্লাসে ফিরে যেতে হবে। শিক্ষা নিয়ে দেশ পরিচালনার দায়িত্বে পুনরায় সমাজে ফিরে আসতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি মো. ইউনুস তালুকদার রাজুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডা. আ ন ম এহসানুল হক মিলন, চেয়ারপারসনের উপদেষ্টা আলমগীর হোসেন, বিশিষ্ট সংগঠক জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
রিপোর্টার্স২৪/আরএইচ