| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত পৃথিবী ও ন্যায্য রূপান্তরের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ১৩:০২:৩৯:অপরাহ্ন  |  ৪৯৪ বার পঠিত
বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত পৃথিবী ও ন্যায্য রূপান্তরের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

বাগেরহাট প্রতিনিধি: জীবাশ্ম জ্বালানিমুক্ত পৃথিবী ও ন্যায্য রূপান্তর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে পালিত হয়েছে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক। শনিবার (১৪ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের যৌথ আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে শতাধিক তরুণ জলবায়ু কর্মী ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এতে সংহতি জানায় আটটি যুব সংগঠন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ, কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানান। এ সময় রঙিন ফেস্টুন, হাতে লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি মাস্ক পরে জীবাশ্ম জ্বালানির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে প্রতীকী প্রদর্শনী করা হয়।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জ্বালানি খাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে একটি সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

তরুণ জলবায়ু কর্মী নিপা সাহা বলেন, জীবাশ্ম জ্বালানির নিঃসরণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। বাংলাদেশকে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি থেকে রক্ষা করতে কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে।

তরুণ জলবায়ু কর্মী ইমরান আহম্মেদ ইমন বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব নারীদের ওপর পড়লেও সিদ্ধান্ত গ্রহণে তাঁদের অংশগ্রহণ কম। ন্যায়বিচারভিত্তিক জলবায়ু সমাধানে নারীর নেতৃত্ব ও অধিকার নিশ্চিত করা জরুরি।

অ্যাকশনএইড বাংলাদেশের ইয়ুথ, রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস টিমের লিড মো. নাজমুল আহসান বলেন, জ্বালানির সুযোগ পাওয়া মানুষের মৌলিক অধিকার। তাই পরিবেশের সুরক্ষা ও জ্বালানি খাতে ন্যায়বিচার নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে বিনিয়োগ বাড়াতে হবে। ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে, তা নির্ধারণে তরুণদের মতামতকে গুরুত্ব দিতে হবে।

কর্মসূচিতে রবিউল ইসলাম, সুমিত ভট্টাচার্য, অমিত শীল, আব্দুল্লাহ আল ইমরান, সাজ্জাদুল ইসলাম রাকিব, সুমাইয়া ইসলাম মিম, মিম ঈশিতা দেবনাথ, মেহেদী হাসান ফাহিম, অর্পিতা বিশ্বাস, সামিয়া ইসলাম রাফা, অর্ণব মিস্ত্রি, আবিদা ইসরাত জয়া, সাব্বির শেখ ও শেখ মো. রোমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব থেকে বিশ্বকে রক্ষা এবং পরিবেশবান্ধব, নবায়নযোগ্য ও টেকসই জ্বালানিনির্ভর ভবিষ্যৎ নিশ্চিত করতেই এ আন্দোলন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪