শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে যাওয়া হুমায়ুন (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। হুমায়ুন বুরুঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
এদিকে ঝিনাইগাতী উপজেলার তামাগাঁও এলাকায় মহারশি নদীতে গাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ হয় ইসমাইল হোসেন (১৭)। সে একই উপজেলার ডাকাবর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) দুপুরে চেল্লাখালি নদীতে পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা লাকড়ি ধরতে যায় হুমায়ুন ও তার চাচাতো ভাই আতিক হাসান। এ সময় তীব্র স্রোতের টানে ভেসে যায় হুমায়ুন। পরে খবর পেয়ে বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রবল স্রোতের কারণে দীর্ঘ চেষ্টার পরও সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে রাত ৯টার দিকে বুরুঙ্গা ব্রিজের ৩০০ মিটার ভাটিতে কলমি জড়ানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।
অপরদিকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইগাতী উপজেলার তামাগাঁও এলাকায় মহারশি নদীতে গাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে নিখোঁজ হয় ইসমাইল হোসেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোন খোঁজ মেলেনি। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ মো. আল-আমীন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা