সিনিয়র রিপোর্টার: দায়িত্ব অবহেলার অভিযোগে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনারসহ (এসি) তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সাময়িক প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন, মোহাম্মদপুর জোনের এসি মেহেদী হাসান, মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন নজরুল ইসলাম থানা পরিদর্শনে এসে এ আদেশ দেন।
ডিএমপির একটি সূত্র জানায়, ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে, কোনো থানা এলাকায় ক্ষমতাসীন দলের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে।
এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় সরেজমিন পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। এ সময় থানার দায়িত্বরত পুলিশ কর্তারা খাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন। এজন্য তাদের প্রত্যাহার করা হয়েছে।