টাঙ্গাইল প্রতিনিধি :
অশুভ শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেছেন, এই মুহূর্তে পিআর নিয়ে যারা আন্দোলন করছে, যারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তারা দেশের অশুভ শক্তি। তারা দেশের অগণত্রান্ত্রিক শক্তি। তারা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে টেনে নিয়ে যেতে চায়।
তাদের বিষয়ে সমগ্র জাতির সাবধান হতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হবে কিনা, এই প্রশ্নটা রাজনৈতিক দলগুলোর ভেতরে কেন আলোচনা হচ্ছে? আমি মনে করি, এই মুহূর্তে নির্বাচন অত্যন্ত জরুরি। যখন ঐক্যমতের কমিশনে আলোচনা হয়, তখন জাতীয় সংসদ নির্বাচনের পিআরের প্রশ্ন কেউই তুলেনি।
কেউই এই জাতীয় সংসদ নির্বাচনে পিআর দিতে হবে দাবিও করেনি। এটা শুধুমাত্র আপার হাউজে দু-একটি দল দাবি করেছিল। বিএনপি বলেছে— এ ব্যাপারে জাতি প্রস্তুত নয়, এটার জন্য সময় নিতে হবে। তবে এই মুহূর্তে এটা চিন্তা করার অবকাশ নেই।
তিনি আরো বলেন, নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের পথে এগোনো যাবে না। দেশটাকে উন্নয়নের পথে দেওয়া যাবে না, দেশের অর্থনীতির চাকা, এখন যেভাবে আছে তা বেশি দূর এগোনোর নয়। এই চাকা সচল হবে না। সম্মৃদ্ধির পথে যাবে না। তাই আমি মনে করি, যে দু-একটি দল এই পিআর-এর কথা বলছে বা নির্বাচন পেছানোর নানা রকমের ফন্দিফিকির করছে, সেটা ঠিক নয়।
দেশের প্রশ্নে তাদের নির্বাচনের মাঠে আসতে বলব। পিআরের এই ধোঁয়া তোলা থেকে বিরত থাকতে বলব। তাদের দেশপ্রেমিকতার পরিচয় দিতে বলব। এর বাইরে দেশের গণতন্ত্র পথের যাত্রা ও নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, অ্যাডভোকেট দেওয়ান হুমায়ূন কবির রিপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম, ছাত্রদল নেতা নাহিদ খান, আজিজুল ইসলাম বিজয় প্রমুখ। পরে তিনি উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।
এস