গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ সময় ফায়ার সার্ভিসের ৫ সদস্য পাঁচজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার সেমি পাকা টিনশেড কেমিক্যালের গুদামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা, মো. জয় হাসান। এদের সবার আবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা পাঠানো হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গুদামটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একপর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয় ।
ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিকবিদিক ছুটতে শুরু করে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু তখনও ফায়ার সার্ভিসের কর্মীরা জীবন ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছিলেন। এ ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় বিপজ্জনক কেমিক্যাল গোডাউন থাকায় এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে এসব গোডাউন সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসএন