| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের কাশ্মীর দখলে হামলার দরকার নেই, ওটা আমাদেরই: রাজনাথ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ২৩:১১:৪০:অপরাহ্ন  |  ১৫১৭৭৭০ বার পঠিত
পাকিস্তানের কাশ্মীর দখলে হামলার দরকার নেই, ওটা আমাদেরই: রাজনাথ
ছবির ক্যাপশন: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং/ ছবি: এএফপি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, পাকিস্তানশাসিত কাশ্মির (আজাদ কাশ্মির) একদিন নিজেই ভারতের সঙ্গে যুক্ত হবে। তার ভাষায়, এ অঞ্চল দখল করতে কোনো ধরনের সামরিক হামলার প্রয়োজন হবে না, এটা ভারতেরই অংশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) মরক্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, পাকিস্তানশাসিত কাশ্মির একদিন ভারতের অংশ হয়ে যাবে। এরই মধ্যে সেখানকার মানুষ এই দাবিতে স্লোগান দিতে শুরু করেছে।

পাঁচ বছর আগে জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক অনুষ্ঠানে একই বক্তব্য দিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে রাজনাথ সিং বলেন, আমি তখনও বলেছিলাম, আজাদ কাশ্মির দখলের জন্য আমাদের কোনো আক্রমণের দরকার হবে না। কারণ ওটা ভারতেরই অংশ। সময় আসবে, যখন সেখানকার মানুষ নিজেরাই বলবে,‘আমিও ভারত’। সেই দিন অবশ্যই আসবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজনাথের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ তুলেছে যে সম্প্রতি ‘অপারেশন সিন্দুর’-এর পর পাকিস্তানশাসিত কাশ্মির দখলের সুযোগ হাতছাড়া করেছে মোদি সরকার। বিরোধীদের মতে, তখনই পাকিস্তান অধিকৃত ভূখণ্ড দখল সম্ভব ছিল।

বর্তমানে দুই দিনের সফরে মরক্কোয় অবস্থান করছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। সফরকালে তিনি বেররশিদ শহরে টাটা অ্যাডভান্সড সিস্টেমসের নতুন হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম উৎপাদন কারখানার উদ্বোধন করবেন। এটি আফ্রিকার মাটিতে ভারতের প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কারখানা হিসেবে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে উল্লেখ করেছেন তিনি।

এছাড়া, মরক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদুল লতিফ লৌদিইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন রাজনাথ সিং। আলোচনার অংশ হিসেবে প্রশিক্ষণ, প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ নিয়মিতভাবে মরক্কোর কাসাব্লাঙ্কা বন্দরে নোঙর করছে। নতুন চুক্তি হলে এই সম্পর্ক আরও জোরদার হবে।

সূত্র: এনডিটিভি

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪