শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে ক্রমান্বয়ে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে থানা এলাকার পূজামণ্ডপসমূহে পুলিশি নজরদারি বৃদ্ধি, প্রযুক্তি ব্যবহার, গুজব প্রতিরোধে সতর্কতা, যানবাহন ও ট্রাফিক নিয়ন্ত্রণের উপর গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
আগস্ট মাসে বিভিন্ন ক্ষেত্রে চৌকস কর্মসম্পাদনের জন্য জেলা পুলিশের ১১ জনকে পুরস্কৃত করা হয়।
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. জুবাইদুল আলম, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক জনাব মো. জাহাঙ্গীর আলম খান,
শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন শেরপুর থানার এসআই (নিরস্ত্র)/আব্দুল্লাহ আল জাবের রাফি, শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হন শেরপুর থানার এএসআই (নিরস্ত্র)/মাহফুজুর রহমান ও শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে নির্বাচিত হন টিএসআই/মাহফুজুর রহমান।
এছাড়াও বিশেষ পুরস্কার পেয়েছেন ওসি ডিবি মো. রেজাউল ইসলাম খান, কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান, নালিতাবাড়ী থানার এসআই (নিরস্ত্র) বিল্লাল হোসেন ও এসআই (নিরস্ত্র) মো. নুরুল আমিন, শেরপুর সদর থানার এসআই (নিরস্ত্র) মো. আশরাফ আলী এবং নালিতাবাড়ী থানার এএসআই (নিরস্ত্র) মো. উমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স ২৪/প্রীতিলতা