| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোবেল শান্তি পুরস্কার চাইলে আগে গাজা যুদ্ধ থামান: ট্রাম্পকে মাক্রোঁ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ১০:২৪:১৬:পূর্বাহ্ন  |  ১৫১০৭৬৮ বার পঠিত
নোবেল শান্তি পুরস্কার চাইলে আগে গাজা যুদ্ধ থামান: ট্রাম্পকে মাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে তাকে সবার আগে গাজায় চলমান যুদ্ধ থামাতে হবে। গেল মঙ্গলবার এমনই মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ

নিউইয়র্ক থেকে ফ্রান্সের বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাক্রোঁ বলেন, একমাত্র ট্রাম্পই এই যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার ক্ষমতা রাখেন। কারণ যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধ চালানোর মতো অস্ত্র সরবরাহ করে।

তার মতে, 'এ বিষয়ে একজনই কিছু করতে পারেন, আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি (ট্রাম্প) আমাদের চেয়েও বেশি কিছু করতে পারেন, কারণ আমরা গাজায় যুদ্ধ চালানোর মতো অস্ত্র সরবরাহ করি না। যুক্তরাষ্ট্র এই অস্ত্র সরবরাহ করে।'

এর আগে একই দিন (মঙ্গলবার) জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে ট্রাম্প পশ্চিমা মিত্রদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপের বিরোধিতা করেন। তার মতে, এটি হামাসকে পুরস্কৃত করার শামিল হবে। তবে একই ভাষণে তিনি ট্রাম্প বলেন, 'আমাদের অবশ্যই গাজায় অবিলম্বে যুদ্ধ থামাতে হবে। আমাদের অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে হবে।'

ট্রাম্পের এই ভাষণের বিষয়ে মাক্রোঁ বলেন, 'আমি একজন মার্কিন প্রেসিডেন্টকে দেখছি, যিনি শান্তির কথা বলছেন। আজ সকালেও মঞ্চ থেকে তিনি বলেছেন: 'আমি শান্তি চাই, আমি সাতটি সংঘাতের সমাধান করেছি।' তিনি নোবেল শান্তি পুরস্কার চান। কিন্তু এই সংঘাত বন্ধ করতে পারলেই কেবল নোবেল শান্তি পুরস্কার পাওয়া সম্ভব।'

কম্বোডিয়া, ইসরায়েল এবং পাকিস্তানের মতো কয়েকটি দেশ শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য ট্রাম্পকে এই বার্ষিক পুরস্কারের জন্য মনোনীত করেছে। ট্রাম্প নিজেও দাবি করেছেন, তার চারজন পূর্বসূরি এই পুরস্কার পেলেও, এটি তারই প্রাপ্য।

তবে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি ট্রাম্পের পক্ষ নিয়ে বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘে উপস্থিত সকলের সম্মিলিত চেষ্টার চেয়েও শান্তির জন্য বেশি কাজ করেছেন। কেবল এই প্রেসিডেন্টই বিশ্ব স্থিতিশীলতার জন্য এত কিছু করতে পেরেছেন, কারণ তিনি সফলভাবে আমেরিকাকে আবার শক্তিশালী করেছেন।'


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪