খাগড়াছড়ি প্রতিনিধি: মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে সড়ক অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছে ‘জুম্ম ছাত্র জনতা’। সংগঠনটির ফেসবুক পেজে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ স্থগিতের এই ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটি জানায়, প্রশাসনের আশ্বাস এবং শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আজ রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। তবে তাদের আট দফা দাবি যদি পূরণ করা না হলে আবারও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
তবে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের কোনও খবর পাওয়া যায়নি। মঙ্গলবার জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার গুইমারায় সাংবাদিকদের বলেছিলেন, অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি বিবেচনায় প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করবে।
প্রসঙ্গত, এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বেশ কয়েকদিন ধরে উত্তাল খাগড়াছড়ি। শুরু হয় সড়ক অবরোধ। এই ঘটনায় গুইমারায় সংগঠিত সংঘর্ষে তিন জন মারা যান। এসসি