তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় এক বৃদ্ধের মাথার চুল ও দাড়ি জোরপূর্বক কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম মজনু তালুকদার (৪৫) ও সজুন মিয়া। তারা উপজেলার কামারিয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়,তারা মামলার এজাহারনামীয় আসামি।
গত ২৭ সেপ্টেম্বর ভুক্তভোগী হালিম উদ্দিন তালুকদারের বড় ছেলে শহীদ মিয়া আকন্দ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, হালিম উদ্দিন তালুকদার প্রায় ৩৭ বছর ধরে মাথায় জট রাখা শুরু করেন এবং তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহ পরান (রহ.)-এর একনিষ্ঠ ভক্ত। জীবিকার প্রয়োজনে একসময় কৃষিকাজ করলেও বর্তমানে তিনি ফকিরি জীবনযাপন করছেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, ‘হালিম উদ্দিন তালুকদারের চুল ও দাড়ি কাটার মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের (১অক্টোবর) বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা