হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে গারো স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। ভুক্তভোগী জুগলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
এ ব্যাপারে ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে দুইজনকে অভিযুক্ত করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মিলন নামের এক যুবককে আটক করে। মিলন উপজেলার জুগলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জুয়েল মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার( ১ অক্টোবর) বিকালে উপজেলার ধারা ইউনিয়নের কৃতিকুড়া এলাকা থেকে নয়াপাড়া গ্রামের আজাহারুলের ছেলে আবুল বাশার (২২) কে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগীর মা জানান, আমার মেয়ের পূর্বপরিচিত যুবক মিলন আমার মেয়েকে সকালে পূজা দেখানোর কথা বলে মোবাইল ফোনে ইউরোপিয়ান পার্কের (সালমার পার্ক) সামনে আসতে বললে সে ওখানে যায়। পরে পার্ক এবং আশপাশ এলাকায় ঘোরাফেরা করে।
তিনি আরও জানান, সন্ধ্যায় নয়াপড়া গ্রামের আজাহারুলের পুত্র আবুল বাশার (২২) তাকে ব্যাটারিচালিত অটোরিক্সা দিয়ে জুগলী নয়াপাড়া কায়জংখালী ব্রিজের পশ্চিম পাশে নিয়ে ধর্ষণ করে। পরে রাত আনুমানিক ১০টায় উপজেলার ধারা ইউনিয়নের রুস্তমপুর আকাশমনি গাছের নিচে পুনরায় ধর্ষণ করে তার অটোরিক্সাযোগে গামারীতলা মোড়ে ফেলে রেখে চলে যায়।
খবর পেয়ে পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের বাড়িতে যায়। তবে তাকে পাওয়া যায়নি। পুলিশ তার অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।
হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ব্যাপারে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করে মূল অভিযুক্তসহ দুইজনকে আটক করা হয়েছে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা