রিপোর্টার্স২৪ ডেস্ক : টানা চার দিনের সরকারি ছুটি পেয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেন নগরবাসী, যা পরের দিনও অব্যাহত ছিল। কিন্তু সড়কে বাড়তি যানবাহন, ভারি বৃষ্টি আর মাঝপথে গাড়ি বিকল হয়ে পড়ার মতো নানা কারণে বিভিন্ন মহাসড়কে যানজটে ভুগতে হয় যাত্রীদের।
এদিকে পূজার ছুটিতে অনেকে বাড়ির পথ ধরায় বুধবার ঢাকায় ভিড় ছিল অন্যান্য দিনের চেয়ে কম। তবে মঙ্গলবার মধ্যরাত থেকে টানা ছয় ঘণ্টার বৃষ্টিতে জলজটের কারণে ভুগতে হয়েছে নগরবাসীকে।
বৃহস্পতিবার দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি। এর আগে বুধবার নির্বাহী আদেশে ছুটি দিয়েছে সরকার। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মচারীরা।
চার দিনের এই ছুটি কাটাতে মঙ্গলবার দুপরের পর থেকে ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকে ঢাকা ছাড়েন যাত্রীরা। বুধবারও অনেকে ঢাকা ছাড়ছেন।
ঢাকার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে টাঙ্গাইল ও কিশোরগঞ্জসহ ময়মনসিংহ বিভাগ এবং উত্তরাঞ্চলের বিভিন্ন রুটের বাস ছাড়ে।
পথে পথে যানজট
মঙ্গলবার বিকাল থেকে মানুষ ঢাকা ছাড়তে শুরু করার পর বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ বাড়ে। এতে মহাসড়কের বিভিন্ন অংশে তৈরি হয় যানজট।
বুধবার দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে চিটাগাং রোড, কাঁচপুর হয়ে সোনারগাঁও পর্যন্ত যানজট ছিল।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আবদুল কাদির জিলানী বলেন, “দুপুর পর্যন্ত সড়কে যানবাহনের ব্যাপক চাপ ছিল।
“পূজার ছুটির কারণে রাস্তায় গাড়ির প্রচুর চাপ, বাম্পার টু বাম্পার। গাড়ি খালি বাড়েই, কমেতেছে না। কাল রাতে অনেক বৃষ্টি হয়েছে। এছাড়া একটা গাড়ি নষ্ট হইছিল ভোর রাতে, তার প্রভাব এখনও রয়ে গেছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে।”
ঢাকা-সিলেট মহাসড়কের কাচপুর থেকে বরপা এবং ঢাকা বাইপাস সড়কের মদনপুর, মীরেরটেক বস্তল এলাকাতে বুধবার দুপুরেও যানজট ছিল।
রিপোর্টার্স২৪/আরকে