| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক লাঞ্ছনা: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এনসিপির

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৫ ইং | ০৯:০৩:২১:পূর্বাহ্ন  |  ১৪৬৩২৯৮ বার পঠিত
সাংবাদিক লাঞ্ছনা: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এনসিপির
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের দ্বারা গণমাধ্যমকর্মীরা লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ঘটনায় দলের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের চিহ্নিত কর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নতুন বাংলাদেশে এনসিপির অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযাত্রী হিসেবে মূল্যায়ন করে দলটি। তাই এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাঝে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনই কাম্য নয়। আগামীতে এনসিপি অবশ্যই এ বিষয়ে আরও সতর্ক হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হবে।’

এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে এনসিপির কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে দলটির সংবাদ সম্মেলন বয়কট করেন সাংবাদিকরা।

এ ঘটনার কিছুক্ষণ আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে দেশে ফেরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা। সফরে এনসিপির প্রতিনিধিরাও ছিলেন। তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন। এসময় সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন। তখন এক গণমাধ্যমকর্মী তাদের থামতে অনুরোধ করেন।

এ সময় এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।



এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪