| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৬ ইং | ২২:২৫:২৭:অপরাহ্ন  |  ৫৯১ বার পঠিত
বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে সময়সূচি নিয়ে জটিলতার কারণে ভারত বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। এ বছর সংলাপটি আর হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন কূটনৈতিক সূত্রগুলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা সংলাপ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহে কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত বৈঠকটি স্থগিত করার অনুরোধ জানায়।

পরে দুই পক্ষের সম্মতিতে সংলাপটি পিছিয়ে দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানায়, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সংলাপের জন্য দুই পক্ষই প্রস্তুতি নিচ্ছিল। বৈঠক সামনে রেখে গত ৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় সভাও অনুষ্ঠিত হয়। সেখানে আলোচ্য বিষয়গুলো চূড়ান্ত করার বিষয়ে মতবিনিময় হয়।

তবে বৈঠক স্থগিত হওয়ায় এ বছর সংলাপটি আয়োজনের সম্ভাবনা কম।

সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত দিয়ে বাংলাদেশে কথিত পুশ-ইন বন্ধ, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা ছিল।

এ ছাড়া পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএটি), প্রত্যর্পণ মামলা এবং সংশোধিত ভ্রমণ ব্যবস্থা (আরটিএ) নবায়নের বিষয়ও আলোচনায় আসার কথা ছিল। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে চেয়েছিল বাংলাদেশ।

২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ শুরু হয়।

এরপর দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়। এসব সংলাপে কনস্যুলার সেবা, ভিসা প্রক্রিয়া এবং দুই দেশের নাগরিকদের আইনি সহায়তার বিষয়গুলো গুরুত্ব পেয়ে থাকে।

এর আগে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। পরে ২০২৪ সালের ডিসেম্বরে কূটনৈতিক পত্রের মাধ্যমে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে অনুরোধ জানায় বাংলাদেশ। ২০২৫ সালের নভেম্বরে তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আবারও প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪