রিপোর্টার্স২৪ ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৯৬ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ জন এবং রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন রয়েছেন।
একই সময়ে ৪০৯ জন ডেঙ্গুরোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৫,৬৮২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
২০২৫ সালের ২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪৮,২২৮ জন। আক্রান্তদের মধ্যে ৬০.৭ শতাংশ পুরুষ এবং ৩৯.৩ শতাংশ নারী।
রিপোর্টার্স২৪/সোহাগ