সিনিয়র রিপোর্টার: পূজা ও সাপ্তাহিক ছুটিতে যানজটের নগরী ঢাকা এখনো ফাঁকা। দেশে চলছে টানা চার দিনের ছুটি, যার তৃতীয় দিন আজ শুক্রবার (৩ অক্টোবর)। গত দুই দিনের তুলনায় আজ রাজধানীর সড়কে যানবাহন কম ছিলো। সড়কের লোকজনের আনাগোনাও ছিলো কম । এ যেন এক অন্য রকম নগরী।
শুক্রবার সকালে উত্তরা, খিলক্ষেত, বনানী, মহাখালী, বাড্ডা, রামপুরা, মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন এলাকায় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর অধিকাংশ এলাকার সড়কেই গণপরিবহনও কম ছিলো। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম। ট্রাফিক সিগন্যালে থেমে থাকার চাপ নেই, পথচারীদের ভিড়ও কম। বাসেগুলোতে যাত্রীর চাপ ছিল না। ফাঁকা সিট নিয়ে বাসগুলোকে স্ট্যান্ড ছাড়তে দেখা যায়। তবে রিকশা, রাইড শেয়ারিং বাইক ও অটোরিকশার চলাচল কিছুটা চোখে পড়ার মতো। যাত্রী কম থাকায় চালকরা অলস সময় কাটাচ্ছেন।
সরেজমিনে আরও দেখা যায়, জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। শুক্রবার হওয়ায় অনেকে আবার বাজার করতে বের হয়েছে।
আয়েশা খাতুন নিশাত নামে এক যাত্রী বলেন, সড়কে যানবাহন কম ছিলো। বাস গুলোতে যাত্রী কম ছিলো। অধিকাংশ সিট ফাঁকা। উত্তরা থেমে মহাখালী আসতে অন্য সময় দেড় থেকে ২ ঘণ্টা লাগতো। আজকে এক ঘণ্টাও লাগেনি। সড়কে যানজটও নেই। এক অন্য রকম ঢাকা মনে হয়েছে।
কুড়িল বিশ্বরোডের ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক মানিক বলেন, গত বুধবার থেকে পূজার ছুটি শুরু হওয়ায় অনেকেই গ্রামে চলে গেছেন। বুধ ও বৃহস্পতিবার পূজার ছুটি আবার শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় রাজধানীর সড়ক অনেকটাই ফাঁকা। সড়কে যানজট নেই। দোকানেও ক্রেতা কম। মনে হচ্ছে অন্য রকম এক ঢাকা।
ডিএমপির বাড্ডা জোনের পরিদর্শক (পেট্রোল) জহিরুল ইসলাম বলেন, সাপ্তাহিক ও পূজার ছুটির প্রভাবে আজ শহরে যানবাহনের সংখ্যা কম। অধিকাংশ সিগন্যাল স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে, যানজট নেই বললেই চলে। তবে শনিবার থেকে সড়কে যানবাহনের সংখ্যা বাড়বে। এসসি