সিনিয়র রিপোর্টার: ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী’র সঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শনিবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন একাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে, এটি ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে আজ জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাক্ষাতের ছবি। প্রকৃতপক্ষে ছবিটি এআই দিয়ে বানানো।
ছবিটি শেয়ার করে ক্যাপশন দেয়া হয়েছে, “জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দিল্লিতে স্বাগতম জানিয়েছে, ভারতের সেনাবাহিনী প্রধান! আজকে রাত ৯টায় দিল্লির একটি ৫ স্টার হোটেলে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।”
তবে দ্য ডিসেন্ট এক প্রতিবেদনে বলছে, প্রকৃতপক্ষে ছবি এআই দিয়ে তৈরি।
এদিকে জামায়াতের এক নেতা জানিয়েছেন, ডা. তাহের বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। আগামী ৭ অক্টোবর চিকিৎকসা সংক্রান্ত কিছু কাজ শেষে তিনি দেশে ফিরবেন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়েছিলেন। তার সফরসঙ্গীদের মধ্যে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ছিলেন। প্রধান উপদেষ্টা দেশে ফিরলেও ডা. তাহের এখনো দেশে ফিরেনি।
রিপোর্টার্স২৪ # এসসি