রিপোর্টার্স২৪ ডেস্ক : টানা বৃষ্টিতে দেশের তীব্র গরম কিছুটা কমে এসেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে নীলফামারীর রাজারহাটে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় (রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত) নীলফামারীর রাজারহাটে দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২০ মিলিমিটার ছাড়াও নীলফামারীর ডিমলায় ৮২, নওগাঁর বাদলগাছীতে ৬৭, নেত্রকোণায় ৬৫, কুষ্টিয়ার কুমারখালীতে ৬১, রংপুরে ৫৩, বগুড়ায় ৫২ মিলিমিটারসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রিপোর্টার্স২৪/ঝুম