| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবরার ফাহাদ হত্যা: ছয় বছরেও সম্পন্ন হয়নি রায়

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ০৪:২১:৫০:পূর্বাহ্ন  |  ১৪৭৩৬৩৯ বার পঠিত
আবরার ফাহাদ হত্যা: ছয় বছরেও সম্পন্ন হয়নি রায়
ছবির ক্যাপশন: আবরার ফাহাদ হত্যা: ছয় বছরেও সম্পন্ন হয়নি রায়

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ছয় বছর পার হলেও চূড়ান্ত বিচারপ্রক্রিয়া এখনো শেষ হয়নি। হাইকোর্ট রায় বহাল রাখলেও, আপিল বিভাগের শুনানি শুরু হয়নি বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।

২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয় আবরারকে। পরে তার রক্তাক্ত নিথর দেহ উদ্ধার করা হয় হলটির সিঁড়ি থেকে। ঘটনার পরদিনই আবরারের বাবা বরকত উল্লাহ ২৫ জন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২১ সালে আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। চলতি বছরের মার্চে হাইকোর্ট সেই রায় বহাল রাখলেও, আপিল বিভাগে এখনো শুনানি শুরু হয়নি। কয়েকজন আসামি ইতোমধ্যে আপিল করলেও, কার্যক্রমে অগ্রগতি নেই।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু দাবি করেছেন, “দুই রায়েই বেশ কিছু আইনি ত্রুটি রয়েছে। আপিল বিভাগে সেগুলো আমরা তুলে ধরব।” অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জানিয়েছে, আপিলপত্র পর্যালোচনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আবরারের বাবা বরকত উল্লাহ বিচার বিলম্বে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত মামলার নিষ্পত্তি ও রায় কার্যকর হওয়া জরুরি।” তিনি মনে করেন, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা শুধু পরিবার নয়, পুরো সমাজের জন্য হতাশাজনক।

আবরারের স্মৃতিকে সম্মান জানাতে বুয়েটের শেরেবাংলা হল প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে একটি স্মৃতিফলক। হল প্রশাসনের উদ্যোগে নির্মিত এ ফলকটি শিক্ষার্থীদের স্মরণে রাখার এবং অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির একটি প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪