রিপোর্টার্স২৪ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি বর্তমানে স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে, তবে দারিদ্র্য বিমোচনসহ কিছু চ্যালেঞ্জ এখনো মোকাবেলা করতে হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি আগেই অনেক বেশি ছিল, সেখান থেকে এখন বরং কিছুটা কমে এসেছে। দেশের অর্থনীতি এখন স্বস্তিতে আছে।” তবে তিনি যোগ করেন, অর্থনীতিতে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে, যার মধ্যে দারিদ্র্য বিমোচন অন্যতম।
বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে তিনি জানান, সরকারি খাদ্য মজুত বৃদ্ধির লক্ষ্যে সরকার ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির আওতায় আরও ৫০ হাজার টন গম আমদানি করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
ড. সালেহউদ্দিন আহমেদের এই বক্তব্যকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের একটি ইতিবাচক মূল্যায়ন হিসেবেই দেখা হচ্ছে, যদিও তিনি বিদ্যমান চ্যালেঞ্জগুলোর কথাও স্মরণ করিয়ে দিয়েছেন।
রিপোর্টার্স২৪/ঝুম