স্টাফ রিপোর্টার: বাংলাদেশিদের ভিসা আবেদনে সাম্প্রতিক জটিলতা নিয়ে সরকার সচেতন ও উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এর পেছনের কারণ হিসেবে তিনি আবেদনকারীদের ‘নকল নথি’ দাখিল এবং বিদেশি দূতাবাসগুলোর সক্ষমতার সীমাবদ্ধতাকে তুলে ধরেছেন।
বুধবার (৮ অক্টোবর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি নিজেও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। আমরা এটি সরকারি পর্যায়ে আলোচনা করেছি।’
ভিসা দেওয়াকে একটি দেশের ‘সুবিধা’ হিসেবে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের পক্ষ থেকেও অনেক ভুল থাকে। আমরা অনেক নকল নথি দাখিল করি।’
জার্মানির উদাহরণ টেনে উপদেষ্টা বলেন, দেশটি বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য। প্রতি বছর প্রায় ৮০ হাজার শিক্ষার্থী জার্মান ভিসার জন্য আবেদন করে। কিন্তু আমি যখন সবশেষ জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে দূতাবাস বছরে মাত্র প্রায় ২ হাজার ভিসা দেওয়ার ক্ষমতা রাখে। আমি তাকে এটি ৯ হাজার পর্যন্ত বাড়ানোর জন্য অনুরোধ করেছি, যা পাকিস্তানকে দেওয়া সংখ্যার সমান।’
দিল্লিভিত্তিক কিছু বিদেশি দূতাবাসের মাধ্যমে আবেদন করতে গিয়েও বাংলাদেশিরা সমস্যায় পড়ছেন বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘কিছু দূতাবাস যেগুলো দিল্লি থেকে দেখাশোনা করা হয়, সেগুলো বর্তমানে পর্যাপ্ত ভিসা দিচ্ছে না এবং তাদের প্রক্রিয়া কিছুটা কঠিন হয়ে গেছে।’
সমস্যা সমাধানে সরকারের চেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা ভিসা আবেদন করার স্থান বৈচিত্র্যময় করার চেষ্টা করছি, যাতে বাংলাদেশিরা দিল্লির বাইরে অন্যান্য স্থান থেকেও আবেদন করতে পারে।’
রিপোর্টার্স২৪/ধ্রুব