| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই সনদের স্বাক্ষরকে ইতিবাচক দেখছে বিএনপি: রিজভী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ০৯:০২:০২:পূর্বাহ্ন  |  ১৪৩৬৬৯৮ বার পঠিত
জুলাই সনদের স্বাক্ষরকে ইতিবাচক দেখছে বিএনপি: রিজভী
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ ডেস্ক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রে বিশ্বাস করলে, আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সিদ্ধান্তে আসা সম্ভব। আমরা আশাবাদী,আগামী ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া জুলাই সনদ নিয়ে একটি ইতিবাচক রাজনৈতিক সমঝোতা হবে।‘জুলাই সনদকে’ তার দল ইতিবাচকভাবে দেখছে বলেও উল্লেখ করেন তিনি। 

তিনি আশা প্রকাশ করে বলেন, রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই এই সনদের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।


আজ (শুক্রবার) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর নবগঠিত কমিটির পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে রিজভী বলেন, তাঁর কথার মধ্যে কোনো দলীয় পক্ষপাত ছিল না। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের ধ্বংস চাননি, বরং ঐক্যের বার্তা দিয়েছেন। যেসব ব্যক্তি অপরাধ করেছেন বা নির্যাতন চালিয়েছেন, তাদের বিচারের কথা বলেছেন তিনি — তাও আইনসঙ্গত উপায়ে।


কৃষি খাতের প্রসঙ্গে রিজভী বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে কৃষি নিয়ে কাজের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের কৃষকেরা আজ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এ বিষয়ে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (অ্যাব) কার্যকর ভূমিকা রাখতে হবে।


অনুষ্ঠানে  নবগঠিত অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ কামরুজ্জামান এবং সদস্য সচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪