স্টাফ রিপোর্টার : বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তিনি কয়েক বছর ধরে নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর।
বাংলাদেশ নৌবাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল (শনিবার) বাদ যোহর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের লাশ যথাযথ সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।
১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারায় সম্ভ্রান্ত নিজাম পরিবারে জন্মগ্রহণ করেন সরওয়ার জাহান। তিনি ১৯৭৩ সালের ১ জুন সাব-লেফটেন্যান্ট পদে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। সরওয়ার জাহান নিজাম তার কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি দেশের ১১তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার নেন। তিনি ছিলেন প্রথম ভাইস অ্যাডমিরাল।
রিপোর্টার্স২৪/সাইফ