সিনিয়র রিপোর্টার: রাজধানীর মিরপুরে খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে তামিম (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় মিরপুর ১ নম্বর বিহারী ক্যাম্প এলাকার একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী জানায়, তামিম সকালে মসজিদের পাশে খেলা করছিলো। এসময় ককটেল জাতীয় একটি বিস্ফোরক বস্তু পায়। না বুঝে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করার একপর্যায়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তার ডান হাত ও পেটের ডান পাশ মারাত্মকভাবে দগ্ধ হয়। আহত তামিম আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আনোয়ারের ছেলে।
তামিমের নানা জালাল বলেন, বিস্ফোরণের শব্দ শুনে দ্রুত ছুটে গিয়ে তামিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মা বাসা বাড়িতে কাজ করেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মিরপুর থেকে আহত এক শিশুকে ককটেল বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/আয়েশা