| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬৫ ভরি সোনাসহ বেবিচকের অপারেটরসহ দুইজন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ১২:৪৩:১৩:অপরাহ্ন  |  ১৪৩৪৫৪৬ বার পঠিত
৬৫ ভরি সোনাসহ বেবিচকের অপারেটরসহ দুইজন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম (৬৫.২ ভরি) স্বর্ণালঙ্কারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তাররা হলেন-মো. কবির হোসেন (৫৩) ও কুদ্দুছ (৪১)।

এর মধ্যে কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর হিসেবে কর্মরত।


শুক্রবার (১০ অক্টোবর) এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২২ মিনিটে বিমানবন্দরের বহির্গমন ১ নম্বর টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেটের সামনে মো. কবির হোসেন গোপনে কুদ্দুছের হাতে একটি ছোট হাতব্যাগ তুলে দিচ্ছিলেন। উপস্থিত যাত্রী ও সহযাত্রীদের সন্দেহ হলে সেখানে গোলযোগের সৃষ্টি হয়। এসময় এয়ারপোর্ট এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দু’জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন সন্দেহজনক উত্তর দিতে থাকে। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে যাওয়া হয়।


তিনি আরও জানান, তল্লাশির সময় তিনটি নীল রঙের ছোট ব্যাগের ভেতর থেকে চারটি গোল্ডবার ও অন্যান্য স্বর্ণালঙ্কারসহ মোট ৭৬১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, উদ্ধার করা স্বর্ণালঙ্কারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে। এগুলো বিমানবন্দর ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশে আনা হয়েছিল।


মোজাম্মেল হক বলেন, আটক দুজন দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছিলেন। এ ঘটনায় শুক্রবার বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিতভাবে সতর্ক দৃষ্টি রাখছি। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমাদের অভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪