| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেফ এক্সিট নয়, স্বাভাবিক এক্সিট নিয়েই দেশে থাকব: ধর্ম উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১১, ২০২৫ ইং | ১১:০৮:৫৩:পূর্বাহ্ন  |  ১৪৬১৭২৭ বার পঠিত
সেফ এক্সিট নয়, স্বাভাবিক এক্সিট নিয়েই দেশে থাকব:  ধর্ম উপদেষ্টা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি প্রতিনিধি: ‘আমরা সেফ এক্সিট চাই না। স্বাভাবিক এক্সিট নিয়েই নির্বাচন পরবর্তী সময়ে এই দেশেই থাকব’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ আয়োজিত ‘সম্প্রীতি সমাবেশ’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যথাসময়ে ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করেই আমরা দায়িত্ব থেকে অব্যাহতি নেব।

ড. খালিদ হোসেন বলেন, “সেফ এক্সিট” বলতে আমি কিছু বুঝি না। আমার কোনো সেকেন্ড হোম নেই, এমনকি ঢাকাতেও নিজের বাড়ি নেই। বর্তমানে সরকারি বাসায় এবং চট্টগ্রামে ভাড়া বাসায় থাকি। আমি এই দেশের মানুষ, এই দেশেই থাকব।

তিনি আরও বলেন, কাউকে ধর্মীয়, সামাজিক বা অন্য কোনোভাবে বঞ্চিত করা উচিত নয়। আমি দেশের সব সম্প্রদায়ের উপদেষ্টা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্মের জন্যই সরকারি বরাদ্দ রয়েছে। আমি যেমন মসজিদে যাই, তেমনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে মন্দির, চার্চ ও বিহারেও যাই। এটি আমার দায়িত্ব এবং ধর্মীয় সহাবস্থানের প্রতীক।

তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাসী দেশ। রাষ্ট্র পরিচালনায় সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। কোনো ধরনের বিভেদ বা বৈষম্য সমাজে স্থান পেতে পারে না। এটি কোনো ইসলামিক রাষ্ট্র নয়, এটি একটি সেকুলার রাষ্ট্র। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের মূলভিত্তি। পার্বত্য অঞ্চলসহ সারা দেশে এই সম্প্রীতির মধ্য দিয়েই আমরা একসঙ্গে থাকতে পারব বলে আমি বিশ্বাস করি।

সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরীয়ত উল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক হোসেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ, জেলা পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪