রিপোর্টার্স২৪ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রোববার থেকে যুক্তিতর্ক শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে।
প্রসিকিউটর গাজী এম এইচ তামীম শনিবার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এ মামলার তদন্ত কর্মকর্তা ও শেষ সাক্ষী মো. আলমগীরকে জেরা শেষ করেন। ২৮ কার্যদিবসে এ মামলায় ৫৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
সাক্ষ্যগ্রহণ শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, তদন্ত কর্মকর্তার জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আমরা ৫৪ জন সাক্ষী উপস্থাপন করেছি। সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি।
অন্যদিকে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সাংবাদিকদের বলেন, আমি মনে করি সাক্ষীদের জবানবন্দিতে এখন পর্যন্ত যা এসেছে, তাতে আসামিদের নির্দোষ প্রমাণ করতে পারবো।
এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি বাকি দুই আসামি হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে এই মামলায় রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন।
জেরার সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামীম প্রমুখ।
এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন তদন্ত সংস্থার উপ-পরিচালক মো. জানে আলম খান। পরে তদন্ত করেন উপ-পরিচালক মো. আলমগীর। সার্বিক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। এ ঘটনায় তদন্ত কর্মকর্তা মো. আলমগীর গত ১২ মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে ৩১ মে সম্পূরক অভিযোগ দেওয়া হয়। ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনাল গত ১০ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন।
রিপোর্টার্স২৪/আয়েশা