রিপোর্টার্স২৪ ডেস্ক : আজ রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন শিক্ষকরা। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত চালিয়ে যাবেন অবস্থান কর্মসূচি । এমন ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা।
এছাড়া আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবেন শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত এ কর্মবিরতি চলমান রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানিয়ে বলেন, রাতে শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল থেকে চলবে কর্মবিরতি।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী জানান, আমরা রাতে একটা বৈঠকে বসবো। সেখানে নতুন কোনো সিদ্ধান্ত হলে বা সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা আসলে তখন বিষয়টি বিবেচনা করা হবে।
রিপোর্টার্স২৪/এসসি