দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় সার বিক্রিতে অনিয়ম ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে সার ডিলার সাইফুল ইসলামকে এক লাখ ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) দুপুর আড়াই টায় দর্শনা পুরাতন বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় কৃষকদের অভিযোগের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান। অভিযানে সহায়তা করেন, এন এস আই (চুয়াডাঙ্গা) ও দর্শনা থানা পুলিশের একটি টিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিলো দর্শনা পুরাতন বাজারের মেসার্স নজরুল ইসলাম কৃষকদের কাছে বাংলা টিএসপি বিক্রি না করে মজুদ করছেন। এমন অভিযগের সত্যতা না পেলেও নিয়ম বহির্ভূত ভাবে কৃষকদের নামে বরাদ্দ দেখিয়ে খুচরা দোকানে সার সরবরাহের প্রমাণ পাওয়া যায়। একই সাথে প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রিরও প্রমাণ পাওয়া যায়।
এছাড়া একই ব্যাক্তির মালিকানাধীন আরেকটি প্রতিষ্ঠানেল সাইফুল ট্রেডার্সেও অভিযান পরিচালনা করা হয়। দুই প্রতিষ্ঠানে নিয়ম বহির্ভূত ভাবে সার বিক্রির অভিযোগে মেসার্স নজরুল ইসলাম ও মেসার্স সাইফুল ট্রেডার্স কে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমান বলেন, একই মালিকের দুইটি প্রতিষ্ঠানে সার বিক্রিতে অনিয়ম করা এবং কৃষকদের হয়রানি করা সহ মেয়াদ উত্তীর্ণ কীটনাশক দোকানে র্যাকে রাখার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় তাকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪ /এসসি