বাগেরহাট প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার হয়রানি প্রতিরোধে সচেতনতা বাড়াতে বাগেরহাটে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বাগেরহাট সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে অ্যাক্টিভিস্তা বাগেরহাটের উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে অ্যাকশনএইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা। এর আগে মঙ্গলবার যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনে আয়োজকরা বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নারীরা সাইবার বুলিং, ব্ল্যাকমেইল, অনলাইন হয়রানি ও নানা ধরনের ডিজিটাল নির্যাতনের শিকার হচ্ছেন। এসব ঘটনার প্রভাবে অনেক নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। সামাজিকভাবে হেয় হওয়ার আশঙ্কায় অনেকেই হয়রানির বিষয়টি পরিবার কিংবা অন্য কারও কাছে প্রকাশ করতে চান না। কোনো কোনো ক্ষেত্রে এর পরিণতি অত্যন্ত মর্মান্তিক হয়ে উঠছে।
তারা আরও বলেন, নারীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরি এবং হয়রানির শিকার হলে কোথায় ও কীভাবে সহায়তা পাওয়া যাবে, সে বিষয়ে ধারণা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অ্যাক্টিভিস্তা বাগেরহাট ও সাইবার শিল্ড টিম বাগেরহাট যৌথভাবে ক্যাম্পেইনটি পরিচালনা করছে।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের নিরাপদে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কৌশল, ব্যক্তিগত তথ্য ও ছবি সুরক্ষিত রাখা, অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইন যোগাযোগে সতর্ক থাকা এবং সাইবার হয়রানির শিকার হলে প্রয়োজনীয় আইনি ও অন্যান্য সহায়তা নেওয়ার বিষয়ে সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাইবার শিল্ডের সদস্য সুমিত ভট্টাচার্য, সীমা খাতুন, রাফি ইসলাম, রবিউল শেখ, নোভা ইসলাম, অহনা, মো. মাহফুজ, সাজ্জাদুল ইসলাম, রাকিবসহ অ্যাক্টিভিস্তা ও সাইবার শিল্ড টিমের অন্যান্য সদস্য।
আয়োজকরা বলেন, নিরাপদ সাইবার পরিবেশ গড়ে তুলতে তরুণ-তরুণী, বিশেষ করে নারীদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি সাইবার হয়রানির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
রিপোর্টার্স২৪/রাফিদ