চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। এরমধ্যে ৮ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ অক্টোবর) দিনগত রাত ১২ টায় এসব তথ্য নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক।
তিনি বলেন, বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় হাইমচর উপজেলার বারতহবিল সংলগ্ন এলাকায় অবৈধভাবে ইলিশ শিকার করছিলো জেলেরা। অভিযানিক টিম তাদের ধাওয়া করে ১১ জনকে আটক করে। এছাড়াও ওই বোট থেকে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত কারেন্ট জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
পরবর্তীতে কোস্ট গার্ড নয়ানী আউটপোস্টে হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী ভ্রাম্যমাণ আদালত আটককৃত ১১ জন জেলের মধ্যে ৮ জনকে ১৫ দিন করে সশ্রম কারাদন্ড প্রদান করেন। অপ্রাপ্ত বয়স্ক ৩ জনকে মুচলেকা দিয়ে অভিভাবকের কাছে দেয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কোস্ট গার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন সহ কোস্ট গার্ড সদস্যরা।
রিপোর্টার্স২৪/এসএন